দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে বিয়ের গুঞ্জন চলছেই। এরই মধ্যে এই জুটিকে নিয়ে এলো নতুন খবর। সোমবার বিজয় দেবেরাকোন্ডার নতুন সিনেমার নাম ও মুক্তির সময়সূচি ঘোষণা করা হয়েছে। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘রণবালী’। এতে বিজয়ের বিপরীতে মূল চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ‘রণবালী’র মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছে বিজয়–রাশমিকা জুটি। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এটি পরিচালক রাহুল সংকৃতিয়ানের সঙ্গে বিজয়ের দ্বিতীয় কাজ। এর আগে এই পরিচালক–অভিনেতা জুটি ‘ট্যাক্সিওয়ালা’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন।
সিনেমাটি প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকারস। এর আগে এই প্রযোজনা সংস্থার ব্যানারেই নির্মিত হয়েছিল বিজয়ের ‘ডিয়ার কমরেড’ ও ‘খুশি’। চলচ্চিত্রটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় দ্বৈত সংগীত পরিচালক অজয়–অতুল।
‘রণবালী’ নির্মিত হচ্ছে উনিশ শতকের ভারতের বাস্তব ঘটনার প্রেক্ষাপটে। ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের মধ্যবর্তী সময়ের ব্রিটিশবিরোধী আন্দোলনের ছায়া অবলম্বনে গড়ে উঠেছে সিনেমার গল্প। নাম ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয়েছে একটি বিশেষ ঝলক, যেখানে ব্রিটিশ শাসনামলের নির্মমতা ও ঔপনিবেশিক শাসনের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়েছে।