ওয়াশিংটনে শুক্রবার অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র অনুষ্ঠানে ঘটে যাওয়া বিব্রতকর ঘটনার পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অনুষ্ঠানে ২০২২ বিশ্বকাপজয়ী স্কালোনিকে ট্রফি ধরার আগে গ্লাভস পরতে বলা হয়, যা নিয়ে আর্জেন্টাইন প্রতিনিধিদল বিরূপ প্রতিক্রিয়া জানায়।
ঘটনার পরদিন ইনফান্তিনো ব্যক্তিগতভাবে স্কালোনির কাছে ক্ষমা চান এবং তাকে আবার মঞ্চে আমন্ত্রণ জানান। তিনি বলেন, “আমি অত্যন্ত দুঃখিত। ফিফার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। বিশ্ব চ্যাম্পিয়নরা ট্রফি স্পর্শ করতে পারে।” এরপর স্কালোনি খালি হাতে ট্রফি তুলে নেন।
ঘটনা নিয়ে স্কালোনি মজা করে বলেন, “সম্ভবত আমাকে কারো সঙ্গে গুলিয়ে ফেলেছিল, তাই গতকাল ট্রফি ধরতে দেয়নি।”
২০২৬ বিশ্বকাপের ড্রয়ে আর্জেন্টিনা পড়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্দানের সঙ্গে। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অভিযান। ২০২২ কাতার বিশ্বকাপে স্কালোনির অধীনেই ৩৬ বছর পর তৃতীয়বারের মতো বিশ্বসেরা হয়েছিল তারা।