দেশে ভোটারযোগ্য যেসব নাগরিক এখনো ভোটার হননি তাদের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নতুন ভোটার হতে কি কি প্রয়োজন সে বিষয়েও দিকনির্দেশনা দিয়েছেন।
সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যাদের জন্ম ১ জানুয়ারি, ২০০৭ বা তার আগে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য যেকোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি; তারা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে- একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।
ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে
১. ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি ২. জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি ৩. নিকট আত্মীয়ের (বাবা-মা, ভাই-বোন প্রভৃতি) এনআইডির ফটোকপি ৪. এসএসসি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেণি পাসের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ৫. ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি/চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি)।
সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২ জানুয়ারি খসড়া হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে। এরপর দাবি-আপত্তি নিয়ে তা নিষ্পত্তির পর চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ। ওইদিন জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি।