সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পর্যটন স্পট থেকে সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী এ রিট দায়ের করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য গ্রহণ করে আগামী রোববার শুনানির দিন ধার্য করেছে।
রিটে ঘটনাটি তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিবেশ সচিবসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে, যার মধ্যে সিলেটের জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জের ইউএনওও রয়েছেন।
দেশের শীর্ষ পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে সাদা সোনা খ্যাত সাদা পাথর অবাধে লুটপাটের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ঘটনাটি ঘিরে স্থানীয় প্রশাসন তৎপরতা শুরু করলেও লুটপাট বন্ধ না হওয়ায় রিটটি দায়ের করা হয়।
রিটে আরও বলা হয়েছে, ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করার আবেদন জানানো হয়েছে।