বিপিএলের দ্বাদশ আসর শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশের ক্রিকেটে চলা অনিশ্চয়তা ও সমালোচনার প্রেক্ষাপটে একটি বার্তা দিয়েছেন। শান্ত বলেছেন, দেশের ক্রিকেট মাঠে নিয়মিত ও সুন্দরভাবে চালু রাখতে সবাইকে সমঝোতা করে কাজ করতে হবে।
শান্ত বলেন, ‘‘প্লেয়ার হিসেবে বলতে চাই, গত এক-দুই বছরে বাইরে যে পরিবেশ তৈরি হয়েছে, তা ক্রিকেটের জন্য অনেক ক্ষতি করছে। খেলা হয়তো চলছে, তবে আরও সুন্দরভাবে কীভাবে চালানো যায় তা জরুরি। এখন সবাই অনিশ্চয়তার মধ্যে আছি, খেলা যেন নিয়মিত হয় এবং প্রতিদ্বন্দ্বিতা থাকে—এটা অপরিহার্য।’’
জাতীয় দলের এই তারকা আরও বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না পারলে বোর্ডের কাছে অনুরোধ থাকবে নতুন কোনো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের। ‘‘ঢাকার ক্রিকেট নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। বিশ্বকাপে না গেলে আমাদের জন্য আরও সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা হোক যাতে সবাই খেলতে পারে। বাইরের বিষয়গুলো ঠিক করে মাঠের ক্রিকেট ঠিকভাবে চালু থাকুক,’’ বলেছেন শান্ত।
শান্ত আরও জানিয়েছেন, বিশ্বকাপে ভারতে না যাওয়ার বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ক্রিকেটারদের বৈঠক হয়েছে। ‘‘কথা হয়েছে এবং স্বাস্থ্যকর আলোচনা হয়েছে। আমাদের ডেকেছে, খেলোয়াড়রা খুশি।’’