অভিনেত্রী নুসরাত ফারিয়া যেন এখন এক মুক্ত বিহঙ্গ। কখনও কানাডা, কখনও লন্ডন—আবার কখনও অন্য কোনো দেশে ঘুরে বেড়াচ্ছেন নিজের খুশিমতো। তবে এই ঘুরে বেড়ানো শুধুই অবকাশ নয়; কাজের সূত্রেও এখন বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। বিদেশের নানা আয়োজনে অংশ নিচ্ছেন, মঞ্চে পারফর্ম করছেন, আবার ফটোশুটের মাধ্যমে নিজেকে নতুনভাবে হাজির করছেন দর্শকের সামনে।
নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ফটোশুটের ছবি শেয়ার করছেন ফারিয়া। কখনও শাড়িতে খাঁটি বাঙালি রূপে, কখনও বিকিনি পরে আবেদনময়ী ভঙ্গিতে হাজির হচ্ছেন তিনি। প্রতিটি ছবিতেই তৈরি হচ্ছে আলোচনার ঝড়—কেউ প্রশংসায় ভাসাচ্ছেন, কেউবা সমালোচনায় মত্ত।
তবে এসব নিয়ে একদমই বিচলিত নন নুসরাত ফারিয়া। তার ভাষায়, “আলোচনা-সমালোচনা থাকলেই শিল্পীর প্রতি আগ্রহ টিকে থাকে।”
নতুন খবর হলো—অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা। কয়েক মাস আগে নিজের কণ্ঠে একটি গান রেকর্ড করেছেন তিনি। বর্তমানে চলছে সেই গানের মিউজিক ভিডিওর শুটিং। সবকিছু শেষ হলে ভিডিওসহ প্রকাশ করা হবে গানটি। যদিও এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি, তবে ইঙ্গিত দিয়েছেন—“এবারের গান আগের চেয়ে অনেক বেশি নান্দনিক ও চমকপ্রদ হতে চলেছে।”
বছরের শুরুটা যদিও তার জন্য ছিল কিছুটা কঠিন—নানা বিতর্ক ও ব্যক্তিগত অঘটনে সময়টা সহজ ছিল না। কিন্তু এখন সবকিছু পেছনে ফেলে নতুন উদ্যমে কাজে ফিরেছেন নুসরাত ফারিয়া।
তিনি বলেন, “আমি ছোটবেলা থেকেই একটি বিষয় মেইনটেইন করি—আলোচনা হোক বা সমালোচনা, সেটি যেন আমার কাজকেন্দ্রিক হয়। আগামীতে ভালো কিছু কাজ করার চেষ্টা করছি।”
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’। স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নির্মিত এই ছবিতে ফারিয়ার বিপরীতে আছেন আরিফিন শুভ। পরিচালনায় আছেন অনম বিশ্বাস। অভিনেত্রীর ভাষায়, গল্পটি অত্যন্ত অনুপ্রেরণামূলক এবং নির্মাণও চমৎকার হয়েছে। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, তা এখনো নিশ্চিত নয়।