দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বুধবার সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য জারি করা এক নোটিশে জানানো হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে।
এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীরা দাবি জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) এলপিজির মূল্য নতুন করে সমন্বয় করতে হবে এবং পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে বিক্রি বন্ধের আলটিমেটাম দেন তারা।
এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান জানান, বৃহস্পতিবার বিকেল তিনটায় বিইআরসির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মানা হলে পুনরায় বিক্রি শুরু হবে, অন্যথায় বন্ধ থাকবে।
ব্যবসায়ীদের অভিযোগ, পরিবেশকদের সঙ্গে আলোচনা না করেই এলপিজির দাম সমন্বয় করা হয়েছে এবং ভোক্তা অধিকার অভিযান চালিয়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে। এতে অনেক পরিবেশক ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন।