আদিত্য ধর পরিচালিত স্পাই–অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তির পর বক্স অফিসে শক্তিশালী দাপট দেখাচ্ছে। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর মাত্র তিন দিনেই ভারতের নেট আয় দাঁড়িয়েছে ১০৩ কোটি রুপিতে।
মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ২৮ কোটি রুপি। শনিবার এই অঙ্ক বেড়ে হয় ৩২ কোটি, আর রোববার ছুটির দিনে আয় পৌঁছে যায় ৪৩ কোটি রুপিতে। বিদেশের বাজার থেকেও ‘ধুরন্ধর’ ভালো সাড়া পাচ্ছে, ভারতের বাইরে আয় হয়েছে আরও ২১ কোটি রুপি।
মুক্তির আগে বাণিজ্যবিশেষজ্ঞরা ধারণা করেছিলেন প্রথম দিন আয় হবে ১৫ থেকে ১৮ কোটি রুপির মধ্যে। কিন্তু সেই অনুমান ছাড়িয়ে ২৮ কোটি রুপি আয় করে চমকে দেয় সিনেমাটি। চলতি বছরের শুরুতে প্রকাশিত লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘ছাবা’ প্রথম দিনে আয় করেছিল ৩১ কোটি রুপি।
সমালোচকেরাও ছবিটির প্রশংসা করছেন। ইন্ডিয়া টুডে ছবিটিকে “রাজনৈতিকভাবে তীক্ষ্ণ থ্রিলার” হিসেবে ব্যাখ্যা করেছে এবং অক্ষয় খান্নার অভিনয়কে উল্লেখযোগ্য বলে মন্তব্য করেছে। দ্য হিন্দুর রিভিউতে বলা হয়েছে, রণবীর সিং ও অক্ষয় খান্নার পারফরম্যান্স এবং রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত দৃঢ় চিত্রনাট্য দর্শকদের মনে দাগ কেটেছে।