রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের সাত নম্বর ভবনে মধ্যরাতে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৫২ মিনিটে আগুনে সূত্রপাত হয়। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী— সচিবালয়ের সাত নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভাগের অফিস রয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের সংবাদের পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন। তারা সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছেন। আপাতত কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম সোহানুজ্জামান নয়ন। আজ সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
ফায়ার সার্ভিসের ডিজি বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হওয়ার তথ্য ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।