সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নামে হত্যাচেষ্টা মামলা করবেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সমকালকে বিষয়টি নিশ্চিত করেন হিরো আলম।
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে বেঁচে ফিরেছিলাম। তাই আগামীকাল (বুধবার) কোর্টি গিয়ে মামলা করার করবো।’
এদিকে আরাফাতকে আটক করার খবর শুনে মিষ্টি নিয়ে গুলশান থানায় রওনা হন হিরো আলম। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি জেনেছি তিনি গুলশান থানায় আছেন। তাই থানার সামনে গিয়ে মিষ্টি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটাই আমার কাছে বড় প্রতিবাদ ও আনন্দের বিষয়।’
প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনে ২০২৩ সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন তাকে পেটানো সেসব লোকজন আরাফাতের সমর্থক।