নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি উদ্বিগ্ন। সরকারের ব্যর্থতার কারণে এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
সোমবার ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি হওয়ার কথা ছিল, তা এখনো হয়নি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুতই পরিস্থিতির উন্নতি হওয়া উচিত।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যাচ্ছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার কৃতিত্ব বিএনপির।
তিনি আরও বলেন, বর্তমানে যেসব সংস্কার সংস্কার কমিশনের মাধ্যমে গ্রহণ করা হয়েছে, সেগুলোতেও বিএনপির প্রতিনিধিত্ব রয়েছে। বিএনপি একটি গঠনমূলক রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।
ক্রিকেট ইস্যুতে মির্জা ফখরুল বলেন, এ ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি জড়িত রয়েছে এবং দেশের সম্মান প্রশ্নে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা দরকার। একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকেই অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত প্রকাশ করে তিনি বলেন, ছোটখাটো বিষয় আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা উচিত।
ভারত প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, পারস্পরিক সম্মান বজায় রেখে দুই দেশের মধ্যে সব ধরনের দাবি আদায়ের চেষ্টা করা হবে। বাংলাদেশ সদাচরণ করলে প্রতিবেশী দেশগুলোর বিরূপ আচরণও কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।