চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের আমদানি-নিয়ন্ত্রিত বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুবাই ও শারজাহ থেকে আসা পৃথক দুটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের এআইআর শাখার সহযোগিতায় বিমানবন্দরের ‘এ’ শিফট তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এ সময় ১ হাজার ৫১৪ কার্টনে থাকা ‘মন্ড’ ব্র্যান্ডের মোট ৩ লাখ ২ হাজার ৮০০ শলাকা সিগারেট জব্দ করা হয়।
এর মধ্যে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চার যাত্রীর কাছ থেকে ৯৮৯ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। অন্যদিকে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটে মালিকবিহীন অবস্থায় আরও ৫২৫ কার্টন সিগারেট পাওয়া যায়।
কাস্টমস কর্মকর্তারা জানান, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট নিয়ন্ত্রিত পণ্য। জব্দ করা সিগারেটের প্যাকেটে সংবিধিবদ্ধ সতর্কীকরণ বাণী ও ক্ষতিকর ছবি না থাকায় এগুলো অবৈধভাবে আমদানির চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, জব্দ করা সিগারেটগুলো ডিটেনশন মেমো মূলে চট্টগ্রাম কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।