দিনাজপুরের বিরামপুরে শীতকালীন সবজির ব্যাপক আমদানি শুরু হওয়ায় হাট–বাজারে দাম কমে এসেছে। শনিবার ও সোমবার বিরামপুরের বড় হাটে বিপুল পরিমাণ সবজি উঠেছে, যা রাজধানীসহ বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে শীতকালীন সবজি চাষাবাদের লক্ষ্যমাত্রা ১,২৬৫ হেক্টর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১,০৫৫ হেক্টরে ইতিমধ্যেই চাষ সম্পন্ন হয়েছে। আগাম জাতের সবজি বাজারে ওঠায় সরবরাহ বেড়ে গেছে।
সোমবার হাটে ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ২০ টাকা, মুলা ১৫ টাকা, বেগুন ৫০ টাকা, পটল ৪০ টাকা, শীম ৮০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, টমেটো ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। লাউ বিক্রি হয়েছে ৩০ টাকা পিসে এবং পুরাতন আলু ১৬–২০ টাকা কেজি দরে। বিক্রেতাদের মতে, বাজারে সবজির আমদানি বাড়তে থাকলে দাম আরও কমতে পারে।