‘কবরে নাকি প্রশ্ন করা হবে তুমি সেই প্রতীকে ভোট দিয়েছ’—এ ধরনের প্রচারকে দুঃখজনক ও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ না করে নজরুল ইসলাম খান বলেন, ধর্মীয় বিশ্বাস ও মানুষের আবেগকে পুঁজি করে অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, “আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আবেগ আহত করা হচ্ছে। অথচ এ বিষয়ে নির্বাচন কমিশন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।”
তিনি আরও বলেন, “কেউ কেউ প্রচার করছে যে কবরে চারটি প্রশ্ন করা হবে। অথচ মুসলমান হিসেবে আমরা সবাই জানি, কবরে তিনটি প্রশ্ন করা হয়—তোমার রব কে, তোমার ধর্ম কী এবং তোমার নবী কে। এখন বলা হচ্ছে, চতুর্থ প্রশ্ন হবে—তুমি নির্দিষ্ট কোনো প্রতীকে ভোট দিয়েছ কি না। বিষয়টি শুধু হাস্যকরই নয়, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
নজরুল ইসলাম খান অভিযোগ করেন, মানুষের ধর্মীয় আবেগকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচন ও সমাজের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, নির্বাচন সংশ্লিষ্ট আরও কয়েকটি বিষয় নিয়ে তারা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছেন। “এই নির্বাচন গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষের বিশ্বাস ও আস্থা আরও বেশি গুরুত্বপূর্ণ,”—বলেন তিনি।
নজরুল ইসলাম খান জানান, এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন বিষয়টি দেখবে বলে তাদের আশ্বাস দিয়েছে।