লক্ষ্মীছড়ির দুর্গম কালা পাহাড় এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির একটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে চারটি পাহাড়ি গ্রামের প্রায় চার শত পরিবার নিরাপদ পানির সুবিধা পাচ্ছে।
গত সোমবার প্রকল্পটির উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. তাজুল ইসলাম। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার কালাপাহাড় রেঞ্জে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকটে ছিল স্থানীয় জনগণ। দুর্গম এই এলাকায় বাসিন্দাদের ঝিরি ও ঝর্ণার পানির ওপর নির্ভর করে দৈনন্দিন কাজ চালাতে হতো, যা ছিল কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ।
নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের সময় এই সংকটের বিষয়টি সামনে আসলে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং গুইমারা রিজিয়নের ব্যবস্থাপনায় গত ৮ ডিসেম্বর থেকে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয়।
হাতিছড়া পাড়া, ইন্দ্রসিংপাড়া, শুকনাছড়া ও পাঙ্কু পাড়াকে অন্তর্ভুক্ত করে প্রায় ২২ হাজার ফুট দীর্ঘ পাইপলাইন ও আটটি পানির রিজার্ভ ট্যাংক স্থাপন করা হয়েছে। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে উপকৃত হচ্ছেন প্রায় এক হাজার সাতশ পঞ্চাশ জন মানুষ।