ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
রবিবার (৭ ডিসেম্বর) তফসিল, গণভোট এবং ভোটের আগে, পরে বিভিন্ন প্রস্তুতি পর্যালোচনা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি সূত্রে জানা যায়, গত শনিবার রাজধানীর একটি কেন্দ্রে মক ভোটিং করে কমিশন দেখে যে, প্রতিটি ভোটকক্ষে দুটি গোপন কক্ষ স্থাপন করলে অতিরিক্ত ভোটকেন্দ্রের প্রয়োজন নাও হতে পারে। তবে অনেক স্থানে বিশেষ করে গ্রামাঞ্চলে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে নতুন কেন্দ্র স্থাপন সম্ভব নয়। ফলে ভোটের জন্য সময় বাড়ানোর সিদ্ধান্তই বাস্তবসম্মত মনে করেছে কমিশন।
সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবার সেই সময়সূচি এগিয়ে এনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করা হয়েছে।
এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, সময় বৃদ্ধি এবং তফসিল ঘোষণার বিষয়গুলো রবিবারের বৈঠকে চূড়ান্ত হবে যা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে।