গাজীপুরের বাঘেরবাজারে একটি কয়েল উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে সদর উপজেলার বাঘেরবাজার এলাকার স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুন লাগে। স্থানীয়রা জানান, হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে নিরাপত্তাকর্মীরা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আগুনের তীব্রতা বাড়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা লিমা খানম জানান, আরও দুইটি ইউনিট সেখানে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শেষ খবর অনুযায়ী, আগুন লাগা ভবনের আশপাশের মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।