জাতীয় নির্বাচনের আগে সব গোলমাল ঠিক হয়ে যাবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে-এমন কথা বলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, বিদ্যমান সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ফেব্রুয়ারিতে ভোটের জন্য অপেক্ষায় সবাই। তিনি বলেন, রমজানের আগে ভোটের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে। ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা হবে। কেউ ফাউল করতে নামবেন না।
১৯৯১, ১৯৯৬, ২০০৮ সালের ভোটের আগেও গোলমাল হয়েছিল মন্তব্য করে সিইসি বলেন, নির্বাচনের সময় এলে সব ঠান্ডা হয়ে যাবে। সবার জন্য সমান সুযোগ তৈরিতে সর্বশক্তি দিয়ে নামবে ইসি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কানাডার অভিজ্ঞতা, শাপলা নিয়ে কাড়াকাড়ি, জাতীয় পার্টিকে সংলাপের আমন্ত্রণ, পিআর পদ্ধতি, পোস্টাল ভোট, নতুন দল নিবন্ধন, নির্বাচনী পরিবেশ ও ইসির ভোট প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে কথা বলেন সিইসি।