নতুন বছরের শুরুতেই বিশ্বজুড়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ব্যাপক সাড়া ফেলেছে জনপ্রিয় সায়েন্স ফিকশন হরর সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১ জানুয়ারি ভোরে মুক্তি পেয়েছে সিরিজটির পঞ্চম ও চূড়ান্ত সিজনের শেষ পর্ব। এর মধ্য দিয়ে পর্দা নামল হকিন্স শহরকে ঘিরে আবর্তিত এক রোমাঞ্চকর গল্পের।
দীর্ঘদিন ধরেই দর্শকদের মনে প্রশ্ন ছিল, হকিন্স শহরে ঘটে যাওয়া অতিপ্রাকৃত ঘটনাগুলোর পেছনে ভেকনাই কি একমাত্র দায়ী, নাকি এর আড়ালে রয়েছে আরও কোনো অজানা অন্ধকার শক্তি। চূড়ান্ত পর্বে নির্মাতারা সেই অমীমাংসিত রহস্যের জট খুলে দিয়েছেন।
গল্পের কেন্দ্রীয় চরিত্র এল, মাইক, উইল, ডাস্টিন ও লুকাস শেষ পর্যন্ত ভেকনার বিরুদ্ধে লড়াইয়ে সফল হয় কি না—তা নিয়েই এগিয়েছে শেষ সিজনের কাহিনি। একই সঙ্গে আপসাইড ডাউনের ভয়াবহতা পেরিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কি না, সেটিও ছিল দর্শকদের বড় কৌতূহলের জায়গা। এই সিজনে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছিল নিখোঁজ হলি উইলারের ভাগ্য নিয়ে। শেষ পর্বে তার পরিণতিও স্পষ্ট করা হয়েছে।
২০১৬ সালে যাত্রা শুরু করা ‘স্ট্রেঞ্জার থিংস’ গত কয়েক বছরে বিশ্বজুড়ে বিশাল দর্শকপ্রিয়তা অর্জন করেছে। আবেগ, রোমাঞ্চ ও রহস্যের সংমিশ্রণে সিরিজটির এই সমাপ্তি নেটফ্লিক্সের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হকিন্স শহরের বন্ধুদের শেষ লড়াই দেখতে মুক্তির পরপরই দর্শকদের ভিড় জমেছে পর্দার সামনে।