দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ বৈঠক হয়। এতে কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্য-প্রযুক্তি ও নৌপরিবহনসহ বিভিন্ন খাতে সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনা হয়।
প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, নৌচলাচল ও আকাশপথের যোগাযোগ বাড়ানোসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সার্ককে পুনর্জীবিত করার উদ্যোগ চলছে।
পাকিস্তানের জ্বালানিমন্ত্রী বলেন, এই বৈঠক দুই দেশের জনগণের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করবে।
তিনি আরও জানান, বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানির বিষয়েও আলোচনা হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পাকিস্তান থেকে ৭৮৭ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, বিপরীতে রপ্তানি করেছে মাত্র ৮০ মিলিয়ন ডলারের পণ্য।