খুলনার রূপসা ঘাট এলাকায় বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখায় ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ব্যাংকের তিন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তবে এখনো পর্যন্ত মূল দুষ্কৃতীদের শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টার মধ্যে রূপসা ঘাট এলাকার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কৃষি ব্যাংকের এই শাখায় চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা একে একে ছয়টি তালা কেটে ভল্টে প্রবেশ করে এবং সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে ফেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ব্যাংকের মূল গেটের কলাপসিবল দরজার তালা কাটা অবস্থায় দেখে নিরাপত্তা প্রহরী চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রূপসা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে শুক্রবার রাত পর্যন্ত যে কোনো সময় চুরির ঘটনা ঘটতে পারে। তার ভাষায়, “ভল্টে ১৬ লাখ টাকার বেশি ছিল। কিন্তু বর্তমানে মাত্র ১ হাজার ৪০০ টাকা পাওয়া গেছে। বাকি টাকা চুরি হয়ে গেছে।”
চুরির ঘটনার পর ব্যাংকের তিন নিরাপত্তাকর্মী—আবুল কাশেম, তরিকুল ও আফজালকে পুলিশ হেফাজতে নিয়েছে। এ বিষয়ে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, “তাদের কেউ এই ঘটনায় জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকের ভেতরে কোনো প্রহরী দায়িত্বে না থাকায় দুর্বৃত্তরা দীর্ঘ সময় ধরে তালা ভেঙে ভল্টে প্রবেশ করতে সক্ষম হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে তারা ভল্ট ভাঙার কাজ চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় স্থানীয়দের কেউ বিষয়টি টের পাননি।