গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ, পদযাত্রা ও গাড়িবহরে হামলার প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।
পোস্টে বলা হয়েছে, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।
এদিকে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।
এর আগে, এনসিপির সমাবেশস্থল এবং পরে পদযাত্রা ও গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনার পর পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এনসিপির নেতারা আশ্রয় নেন বলে জানা গেছে।