পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহকাঠী গ্রামে সিঁধ কেটে ঘরে ঢুকে পড়া চোরকে ধরে ফেলায় গৃহকর্তা মোশারেফ খাঁন (৪৫) নামে এক অটোবাইক চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে দুই অজ্ঞাত ব্যক্তি সিঁধ কেটে মোশারেফের ঘরে প্রবেশ করে তার মেয়ে মালা আক্তারের পা ধরে টান দেয়। চিৎকার শুনে ঘুম থেকে উঠে চোরদের ধরে ফেলেন মোশারেফ। এ সময় চোররা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। স্থানীয়রা পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মোশারেফকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, “রাতে দুইজন অপরিচিত লোক সিঁধ কেটে ঘরে ঢুকে আমার মেয়ের পা ধরে টান দেয়। আমার স্বামী তাদের ধরে ফেলায় তাকে মেরে ফেলেছে। তাদের উদ্দেশ্য চুরি নাকি অন্য কিছু জানি না। আমরা বিচার চাই।”
নিহতের মা মোর্শেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার অনেক আদরের বড় পোলা, আজকে তাকে কোপাইয়া মাইরা ফেলছে। ঘরভর্তি রক্ত, আমি আর সহ্য করতে পারতেছি না।”
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।