ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৭৯৮টি ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, অ্যাপের মাধ্যমে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২০ হাজার ৫০১ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬১ হাজার ৬০৪ জন ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া ৪ লাখ ১৫ হাজার ৭৬২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
দেশের অভ্যন্তরে (আইসিপিভি) নিবন্ধনকারীদের কাছেও পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে সারা দেশের ৫ লাখ ৮০ হাজার ৯৬৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। আজ পর্যন্ত ২৪ হাজার ৯১ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন, এর মধ্যে ১৭ হাজার ৫৩ জন ভোট দিয়েছেন এবং ৯ হাজার ৮৪৩ জন তাদের ব্যালট পোস্ট করেছেন।
সালীম আহমাদ খান আরও জানান, দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
সুত্রঃবাসসা