দক্ষিণ চীন সাগরে সৃষ্ট সুপার টাইফুন রাগাসা’র আঘাতে তাইওয়ানে এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন এবং নিখোঁজ রয়েছেন আরও ১২৪ জন।
বর্তমানে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়টি চীনের দক্ষিণ উপকূল এবং হংকংয়ের দিকে অগ্রসর হচ্ছে। তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলীয় জেলা হুয়ালিয়েন-এ আছড়ে পড়ে সুপার টাইফুন রাগাসা।
হুয়ালিয়েন জেলার প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিং এই জেলাতেই ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি বলে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমাদের ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী, ঝড়ের আঘাতে হুয়ালিয়েনে ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৮ জন। এ ছাড়া এখনও কমপক্ষে ১২৪ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।