আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোটকেন্দ্রগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্র জারি করে এ তথ্য জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্যতা অনুযায়ী সিসিটিভি কাভারেজ থাকবে। এছাড়া মাঠে ব্যবহৃত ইন্টারনেট সংযুক্ত বডি ক্যামেরা ও একটি লাইভ ফিড নির্বাচন কমিশন সমন্বয় সেলে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
ইসি জানিয়েছে, ভোটার, প্রার্থী এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ভোটকেন্দ্রসহ নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা বজায় রাখা হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব দল ও প্রার্থী নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং ভোটাররা নিরাপদে ভোট দিতে পারবে। বিশেষভাবে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর।
ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা প্রদান করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় লীড মন্ত্রণালয় হিসেবে নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময় আইন-শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করবে।
মাঠ পর্যায়ে রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে সহায়তা প্রদান করা হবে। নির্বাচনের সময় কেন্দ্রভিত্তিক স্থায়ী মোতায়েন, স্থায়ী/অস্থায়ী চেকপোস্ট, মোবাইল টহল, আভিযানিক দল এবং স্ট্রাইকিং ফোর্স কার্যকর থাকবে।