অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করায় ‘ডানকি রুট’ দিয়ে যাওয়া হরিয়ানা ও অন্যান্য রাজ্যের তরুণদের প্রত্যাবাসন করেছে যুক্তরাষ্ট্র সরকার।
যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে যাওয়া ৫০ ভারতীয় নাগরিককে অবৈধ বসবাসের কারণে ফেরত পাঠানো হয়েছে। গত রোববার ভোরে হরিয়ানা রাজ্যের ২৫–৪০ বছর বয়সী এই তরুণরা দেশে পৌঁছান, হাতে হাতকড়া ও পায়ে বেড়ি পরে।
ফেরত আসা ব্যক্তিরা মূলত কারনাল, কাইথাল, কুরুক্ষেত্র ও পানিপথের বাসিন্দা। তারা দক্ষিণ ও মধ্য আমেরিকার মাধ্যমে মানব পাচারের ‘ডানকি রুট’ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিছুজন সেখানে কয়েক বছর, কেউ মাত্র কয়েক মাস অবস্থান করেছিলেন। ফেরত আসার আগে অনেককেই কারাগারে রাখা হয়।
কারণালের রাহরার অঙ্কুর সিং (২৬) জানান, যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তার ২৯ লাখ রুপি খরচ হয়েছিল এবং প্রায় চার মাস সময় লেগেছিল। ধরা পড়ার পর তাকে আটককেন্দ্রে রাখা হয় এবং ২৪ অক্টোবর ভারতে ফেরত পাঠানো হয়। একইভাবে হরিশ এসসি ও নরেশ কুমারের মতো অন্যান্য তরুণরাও দীর্ঘ সময় আটক থাকার পর দেশে ফিরেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে প্রায় ২,৫০০ ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। অধিকাংশই পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাটের বাসিন্দা।
হরিয়ানা পুলিশের কর্মকর্তারা সতর্ক করেছেন, ‘ডানকি রুটে’ বিদেশ যাত্রা গুরুতর অপরাধ, যা পরিবারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং জীবনকে বিপন্ন করে।