দুই ম্যাচের গোলহীন নীরবতা ভেঙে অবশেষে আলো ছড়ালেন লিওনেল মেসি। বুধবার সকালে মেজর লিগ সকারে (এমএলএস) সিয়াটল সাউন্ডার্সকে ৩–১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। গোল ও অ্যাসিস্ট দুটিতেই জ্বলে উঠলেন আর্জেন্টাইন কিংবদন্তি।
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক মায়ামি ১২ মিনিটেই এগিয়ে যায় মেসির পাস থেকে জর্দি আলবার গোলে। ৪১ মিনিটে সেই আলবারই পাসে মেসির দুর্দান্ত ফিনিশিং—যা তাঁর ক্যারিয়ারের ৮৮০তম গোল। বিরতির পর ৫২ মিনিটে ইয়ান ফ্রে মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন। ৬৯ মিনিটে মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাস সাউন্ডার্সের হয়ে এক গোল শোধ করলেও জয় নিশ্চিত হয় মায়ামির।

চলতি বছরে এটি মেসির ৪০তম গোল-অবদান এবং টানা ১৯তম বছর অন্তত ৪০ গোল বা অ্যাসিস্টের কীর্তি। এই জয়ে ২৭ ম্যাচে ১৪ জয়, ৭ ড্র ও ৬ হারে ৪৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা এখনো ৮ পয়েন্ট পিছিয়ে, তবে তিন ম্যাচ হাতে রয়েছে।
মায়ামির পরের চ্যালেঞ্জ ২১ সেপ্টেম্বর ভোরে—ডিসি ইউনাইটেডের বিপক্ষে। মেসির ধারাবাহিক জাদু কি আবারও জয় এনে দেবে? ফুটবলপ্রেমীদের নজর সেদিকেই।