শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন।
এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বিকেল ৪টার দিকে ‘হাদি সমাবেশ’-এর ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করা হয়।
সমাবেশের ঘোষণা দিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে হাদি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। সমাবেশের তারিখ ও সময় পরে জানানো হবে। তিনি বলেন, এই সমাবেশ থেকে একটাই বার্তা দেওয়া হবে—যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নেবে, তারা কোনো দিন দেশের মাটিতে আশ্রয় পাবে না।
সব রাজনৈতিক দলকে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, সমাবেশের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হয়ে যাবে। এরপর ইনসাফের দাবিতে ৩০০ আসনে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, কোনো দল নয় ইনকিলাব মঞ্চ কেবল ইনসাফকে চেনে। যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে এবং হাদি হত্যার বিচারের দাবিতে সোচ্চার থাকবে, তাদেরই ভোট দেওয়া হবে।
মামলার অভিযোগপত্র প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের বলেন, ঘটনার দিন পাঁচটি টিম দায়িত্বে ছিল বলে ডিবি অফিস থেকে জানানো হয়েছে। অথচ অভিযোগপত্রে শুধু গুলি চালানো ব্যক্তিদের নাম রয়েছে। বাকি টিমগুলোর বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।
জনগণ ও ভবিষ্যৎ রাষ্ট্রক্ষমতায় আসা ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের পক্ষে অবস্থান নিতে হবে। এর বিপক্ষে গেলে ভোটের ব্যবধান লাখ নয়, কোটি ছাড়িয়ে যাবে। শুধু স্মরণ নয়, হত্যার বিচার নিশ্চিত করাই এখন সময়ের দাবি।