টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম এবার সেই ছন্দ আন্তর্জাতিক মঞ্চেও ধরে রাখলেন। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলেই হারিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।
মঙ্গলবার পার্ল বোল্যান্ড পার্কে অনুষ্ঠিত ম্যাচে ১৭৪ রানের লক্ষ্য মাত্র ১৭.৫ ওভারে ৯ উইকেট হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা। উইকেট ও বল হাতে রেখে এটি ক্যারিবীয়দের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় টি-টোয়েন্টি জয়।
প্রথমে ব্যাট করতে নেমে ভালো সূচনা পেলেও বড় ইনিংস গড়তে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জনসন চার্লস ১৩ ও ব্রেন্ডন কিং ২৭ রান করলেও কেউই ফিফটির দেখা পাননি। সর্বোচ্চ ৪৮ রান করেন শিমরন হেটমায়ার। এছাড়া রভম্যান পাওয়েল ২৫ বলে অপরাজিত ২৯ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান তোলে সফরকারীরা।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে জর্জ লিন্ডে ছিলেন সবচেয়ে সফল। তিনি ২৫ রানে ৩ উইকেট শিকার করেন। কেশভ মহারাজ ও করবিন বশ নেন দুটি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল প্রোটিয়ারা। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে তোলে ৬৮ রান। লুয়ান দ্রে প্রিটোরিয়াস ও এইডেন মার্করামের উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। প্রিটোরিয়াস ২৮ বলে ৪৪ রান করে ফিরলেও এরপর ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখান মার্করাম।
প্রোটিয়া অধিনায়ক ৪৭ বলে ৯ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৬ রান করেন। তাকে দারুণভাবে সঙ্গ দেন রায়ান রিকেলটন, যিনি ৩২ বলে অপরাজিত ৪০ রান করেন। ক্যারিবীয়দের হয়ে একমাত্র উইকেটটি নেন রোস্টন চেজ।
এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাসের সঙ্গে সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী বৃহস্পতিবার সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে।