বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।
খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করে শাকিব খান লেখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
শাকিব খানের শোকবার্তায় অল্প সময়ের মধ্যেই অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী মন্তব্যের মাধ্যমে শোক প্রকাশ করেন।
শাকিব খান ছাড়াও চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেক তারকা বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা ও চিত্রনায়ক সিয়াম আহমেদ। সংগীত জগত থেকে শোক জানিয়েছেন জেমস ও মিনার রহমান। নির্মাতা আশফাক নিপুন ও রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের অনেকেই সামাজিক মাধ্যমে সমবেদনা জানান।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোরে তিনি ইন্তেকাল করেন। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়া ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।