আগামী ৪ নভেম্বরের মধ্যে অমর একুশে বইমেলার সময় ঘোষণা না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও কবি মোহন রায়হান বলেন, “আমরা সরকারকে ৪ নভেম্বর পর্যন্ত সময় দিচ্ছি। স্পষ্টভাবে জানাতে হবে, বইমেলা কবে শুরু হবে। আমরা চাই ১ ফেব্রুয়ারি থেকেই শুরু হোক। না হলে আমাদের ফেরানো যাবে না, লাশের ওপর দিয়েই বইমেলা বন্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে—এটাই আমাদের অঙ্গীকার। সরকার যদি নিরাপত্তার অজুহাতে মেলা স্থগিত করে, সেটি জনগণের সঙ্গে প্রতারণা। নির্বাচনের সময় বা রোজায়ও বইমেলা হয়েছে, এবার কেন হবে না?”
মোহন রায়হান দাবি করেন, বইমেলা নির্বাচনী প্রার্থীদের জন্যও জনসংযোগের সুবর্ণ সুযোগ তৈরি করবে। “প্রার্থীরা সেখানে প্রচারণা চালাতে পারবে, জনগণের সঙ্গে দেখা করতে পারবে, ভোট চাইতে পারবে—তাহলে ভয় কোথায়?”—বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের কার্যকরী সদস্য খন্দকার শাহ আলম লিখিত বক্তব্যে বলেন, “সরকার যেন একুশে বইমেলা–২০২৬ স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে যথাসময়ে আয়োজনের ব্যবস্থা নেয়। এটি লেখক, পাঠক, প্রকাশক এবং জনগণের প্রত্যাশা।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক ও মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক আবুল বাশার ফিরোজ শেখ। উপস্থিত ছিলেন কবি জামশেদ আনোয়ার তপন, কবি কামরুজ্জামান ও মফিজুর রহমানসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।