আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনি ঢাকায় থেকেই নির্বাচনে লড়বেন।
রবিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, “৩০০ আসন ধরে এগোচ্ছি; ঢাকা থেকেই আমি দাঁড়াব। কে কোন আসনে দাঁড়াবে, আমরা প্রার্থীর তালিকা এই মাসেই দিতে পারি।”
তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “সংস্কারের বিপক্ষে অবস্থান নিলে রাজনীতি থেকে হারিয়ে যেতে হবে। গণ-অভ্যুত্থান প্রশ্নে যতদিন ভারত তার অবস্থান পরিবর্তন না করবে, ততদিন বাংলাদেশ-ভারত সম্পর্ক শীতলই থাকবে।”
তিনি বলেন, “যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেদিনই জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে। কোনো বাছবিচার ছাড়াই সনদে স্বাক্ষর করে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। তবে এখনো ঐক্যের সুযোগ আছে।”