জাতীয় নাগরিক পার্টি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে নতুন করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।
গতকাল এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ছাত্র উপদেষ্টারা যাতে কোনোভাবেই দেশ ছেড়ে যেতে না পারেন, তা নিশ্চিত করা জরুরি। এজন্য তিনি দুর্নীতি দমন কমিশন এবং ড. ইউনুসকে দ্রুত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান।
এর আগে শুক্রবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে মুনতাসির অভিযোগ করেন, ছাত্র উপদেষ্টারাই সবচেয়ে বেশি দুর্নীতি করেছেন এবং তারা “জুলাইকে বিক্রি করে দিয়েছেন”। তাঁর দাবি, ৫ আগস্টের পর কোনো সমন্বয়ক বা অভিযোগকারী কারও দেখা–সাক্ষাৎ নির্ভর করত ছাত্র উপদেষ্টাদের অনুমতির ওপর; তাদের হাতে ছিল ‘অ্যাবসুলেট পাওয়ার’। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া থেকে শুরু করে কোটি টাকার লেনদেন সবকিছুতেই তারা প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
এনসিপি থেকে অব্যাহতি পাওয়ার পরদিনই মুনতাসির উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। এরপর তিনি আখতার হোসেনকেও নতুন করে অভিযুক্ত করেন।