গাজীপুরে গহীন বনাঞ্চল থেকে লোকালয়ে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে একটি হরিণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হরিণটির পেটে থাকা দুইটি শাবকও মারা গেছে।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে কালিয়াকৈর উপজেলার শালদহ পাড়া এলাকায় মাওনা–কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কাচিঘাটা রেঞ্জের সদর বিট কর্মকর্তা শরিফ খান চৌধুরী।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থল থেকে মৃত হরিণ ও শাবক দুটি উদ্ধার করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মৃত হরিণ ও শাবকগুলো মাটিচাপা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, তার আশপাশে গভীর বনাঞ্চল রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই কয়েকটি হরিণ বিচরণ করতে দেখা যাচ্ছিল।
কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সুরুজ্জামান বলেন, হরিণটি কোথা থেকে সেখানে এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, এটি গাজীপুর সাফারি পার্ক থেকে বের হয়ে লোকালয়ে এসে দুর্ঘটনার শিকার হতে পারে।
তবে গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষ এ দাবি নাকচ করেছে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, পার্ক থেকে কোনো হরিণ লোকালয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। পার্কে থাকা হরিণগুলো নিরাপদে ভেতরেই রয়েছে।