আইপিএলের আগামী মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। মোট ১৩৫৫ জন নিবন্ধিত ক্রিকেটার থেকে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে ৩৫০ জনকে। এর মধ্যে আছেন বাংলাদেশের সাত ক্রিকেটার।
ক্রিকবাজ জানিয়েছে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে মেইল পাঠিয়ে নিলামের সময়সূচি নিশ্চিত করেছে। স্থানীয় সময় দুপুর ১টা (বাংলাদেশ সময় ৩টা) থেকে হবে নিলাম। ৩৫০ ক্রিকেটারের তালিকায় ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি। এবার দলগুলোতে মোট ৭৭টি স্লট খালি রয়েছে, এর মধ্যে ৩১টি বিদেশি খেলোয়াড়ের।
সবচেয়ে বেশি অর্থ আছে কলকাতা নাইট রাইডার্সের যথা ৬৪ কোটি ৩০ লাখ রুপি। দলটি এখনো ১৩ জনকে দলে নিতে পারবে, যার মধ্যে ছয়জন বিদেশি।
বাংলাদেশের যে সাত ক্রিকেটার সংক্ষিপ্ত তালিকায় আছেন তাঁরা হলেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান এবং শরিফুল ইসলাম। প্রাথমিক তালিকায় থাকলেও বাদ পড়েছেন সাকিব আল হাসান।
৪০ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। একমাত্র বাংলাদেশি হিসেবে এই ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ, যিনি গত মৌসুমে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। সাত বাংলাদেশির মধ্যে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে কেবল তাঁরই; এখন পর্যন্ত খেলেছেন ৬০ ম্যাচ।
রিশাদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। একই ক্যাটাগরিতে আছেন তাসকিন, নাহিদ, শরিফুল ও তানজিম। রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
এদিন নিলামের তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে আরও ৩৫ জন ক্রিকেটারকে। এর মধ্যে সবচেয়ে আলোচনায় আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। প্রাথমিক তালিকায় না থাকলেও একটি ফ্র্যাঞ্চাইজির সুপারিশে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে। এবার তাঁর ভিত্তিমূল্য ১ কোটি রুপি যা আগের মেগা নিলামের অর্ধেক। গত মৌসুম শেষে কলকাতা নাইট রাইডার্স তাঁকে ছেড়ে দেয়।
সম্প্রতি আন্তর্জাতিক অবসর ভেঙে মাঠে ফিরে ডি কক আবারও আলোচনায়। ভারতের বিপক্ষে বিশাখাপত্তমে শেষ ওয়ানডেতে করেছেন সেঞ্চুরি। নতুন সংযোজিত খেলোয়াড়দের মধ্যে আছেন শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগে।
বিসিসিআই জানিয়েছে, নিলাম শুরু হবে ক্যাপড ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার ও ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিন বোলারদের দিয়ে। এরপর নিলামে তোলা হবে আনক্যাপড ক্রিকেটারদের।