‘সোনার দাম কত উঁচুতে উঠতে পারে?’—এ প্রশ্ন এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ, সোনার দাম একের পর এক রেকর্ড ভাঙছে। সম্প্রতি সোনার দাম ৪ হাজার ২০০ ডলার সীমা অতিক্রম করেছে, যা ইতিহাসের সবচেয়ে বড় ‘গোল্ড রাশ’ হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২৫ সাল এখন পর্যন্ত সোনার জন্য অবিশ্বাস্য একটি বছর। যদি এই মুহূর্তে বছর শেষ হয়ে যেত, তাহলে এটি ১৯৭৯ সালের পর সবচেয়ে ভালো বছর হতো। এ বছর এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ৫৭ শতাংশ, প্লাটিনামের ৮০ শতাংশ এবং রুপার ৭৫ শতাংশ। অর্থাৎ, মূল্যবান ধাতুর বাজার এখন সর্বোচ্চ ঊর্ধ্বমুখী ধাপে রয়েছে।
অনিশ্চয়তার প্রতিফলন
বিশ্ব অর্থনীতি ও রাজনীতির অনিশ্চয়তা সোনার দামে সরাসরি প্রভাব ফেলে। সোনা সব সময়ই কাজ করে একধরনের ‘বিশ্ব উদ্বেগের ব্যারোমিটার’ হিসেবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হলে বা ভূরাজনৈতিক উত্তেজনা বাড়লে মানুষ সোনার দিকে ঝোঁকে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের শুল্কযুদ্ধ আবার উত্তপ্ত হওয়া, এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল–এর সম্ভাব্য সুদের হার কমানোর ইঙ্গিত সোনার বাজারকে আরও চাঙ্গা করে তুলেছে।
সংকটের সময় ঝলমলে ধাতু
ইতিহাস বলছে, সংকটকালেই সোনা সবচেয়ে বেশি উজ্জ্বল হয়।
২০০৮ সালে বেয়ার স্টার্নস ধসের সময় সোনার দাম এক হাজার ডলার ছাড়ায়। আবার ২০২০ সালে মহামারি শুরুর পর কয়েক মাসের মধ্যেই দামে বড় লাফ দেখা যায়।
এখনও একই প্রবণতা—বাণিজ্যযুদ্ধ, মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা—সব মিলিয়ে সংকটের মধ্যেই সোনা ঝলমল করছে।
সবচেয়ে বড় ক্রেতা কারা
বর্তমানে চীন সোনার সবচেয়ে বড় ক্রেতা। এরপর রয়েছে ভারত ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশ—যেমন পোল্যান্ড, সার্বিয়া ও চেক প্রজাতন্ত্র। এসব দেশ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে দ্রুত সোনার ভান্ডার বাড়াচ্ছে।
সুদের হার কমলে আকর্ষণ বাড়ে
দুর্বল শ্রমবাজারের কারণে ফেড ইতিমধ্যে সুদের হার কমাতে শুরু করেছে—সেপ্টেম্বরে ০.২৫ শতাংশ পয়েন্ট কমানো হয়েছে, অক্টোবরে আবার কমানো হতে পারে।
এর প্রভাবে ব্যাংকে নগদ রাখার আগ্রহ কমছে, ট্রেজারি বন্ড আকর্ষণ হারাচ্ছে, আর সুদবিহীন সোনা আবারও বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় সম্পদে পরিণত হচ্ছে।অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং কমতে থাকা সুদের হার—সব মিলিয়ে সোনার দাম আরও উঁচুতে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্ব এখন যেন সত্যিকারের এক নতুন ‘গোল্ড রাশ’-এর যুগে প্রবেশ করেছে।