বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।
রোববার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ বলেন, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যদি হ্যাকের প্রমাণ পাওয়া যায়, তবে কারা এবং কীভাবে এটি করেছে, সে বিষয়ে তদন্ত চালানো হবে।
এর আগে জামায়াত আমিরের এক্স হ্যান্ডল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়।
এ বিষয়ে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জানান, শনিবার বিকেল চারটার দিকে হঠাৎ করে জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। এর কিছুক্ষণ পর সাড়ে চারটার দিকে ওই অ্যাকাউন্ট থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়।
তিনি আরও জানান, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল পাঁচটার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। দ্রুত সময়ের মধ্যে বিতর্কিত পোস্টটি মুছে ফেলা হলেও, এর আগেই বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয়।
এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান সিরাজুল ইসলাম।