ভারতকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ১–০ গোলে হারিয়ে ২২ বছর পর এই প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। প্রথমার্ধের একমাত্র গোলেই আসে বহু প্রতীক্ষিত সেই সাফল্য।
ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করে হামজা চৌধুরী বলেন, এই জয় তাঁর কাছে শুধু তিন পয়েন্ট নয়, বরং ক্যারিয়ারের বড় মাইলফলক এবং আজীবনের এক স্বপ্নপূরণ। তাঁর ভাষায়, ‘নিশ্চিতভাবেই এটি আমার স্বপ্নপূরণ। খুব শিগগিরিই আমরা কোনো বড় টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করব।’
জাতীয় দলের এই মিডফিল্ডার আরও বলেন, ‘আজ আমরা ১৮ কোটি মানুষকে খুশি করেছি। এর সঙ্গে অন্য কিছু তুলনা হয় না। তাই এটি আমার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি।’
দলীয় প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে হামজা জানান, প্রস্তুতি পর্বে অনেকে তিন সপ্তাহের বেশি সময় পরিবার থেকে দূরে থেকে শত শত ঘণ্টা অনুশীলনে ব্যয় করেছেন। দলে দেরিতে যোগ দিলেও তিনি ও শমিত শোমে দলের মধ্যে ‘মান ও মানসিকতার সঞ্চার’ করেছেন বলে মনে করেন।
হামজার মতে, জয়ের মূল চাবিকাঠি ছিল লড়াইয়ের মানসিকতা, ‘হয়তো বল দখলে আমরা খুব ভালো ছিলাম না, কিন্তু দেখিয়েছি আমরা কতটা লড়াকু। এখন সময় দুটোই একসঙ্গে তুলে ধরার।’