ঢাকায় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের স্থগিত কনসার্ট নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে। নিরাপত্তাজনিত কারণে গত ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিতব্য ‘মেইন স্টেজ শো’ স্থগিত করা হয়। তবে কনসার্টটি বাতিল নয়; নতুন তারিখে আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় আতিফ আসলাম জানান, ঢাকায় স্থগিত হওয়া কনসার্টটি আবার আয়োজন করা হবে। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর কনসার্টের নতুন তারিখ নির্ধারণ করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বে কেনা টিকিটগুলো নতুন কনসার্টের জন্য বহাল থাকবে। তবে যারা নতুন তারিখে অংশ নিতে পারবেন না বা আগ্রহী নন, তাদের জন্য টিকিটের টাকা ফেরতের সুযোগ রাখা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, আজ রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে টাকা ফেরতের আবেদন করা যাবে। এ জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটের লিংক শিগগিরই প্রকাশ করা হবে। আবেদন সম্পন্ন হলে সংশ্লিষ্ট টিকিট স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে এবং পুনরায় ব্যবহার বা হস্তান্তর করা যাবে না।
নির্বাচনের পর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কনসার্টের নতুন তারিখ ও ভেন্যুর বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।