নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্রুত দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি কবে ফিরবেন, সে সময়সূচি স্পষ্ট করেননি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি। ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কর্মশালায় বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা শিগগিরই আমাদের মাঝে আসবেন। তিনি যেদিন আসবেন, যেদিন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে এটা আপনাদের মনে রাখতে হবে। আমরা সেদিন গোটা দেশের চেহারা বদলে দিতে চাই।’
তিনি আরও বলেন, বিএনপি সামনে এগোতে চায় এবং প্রগতির পথে দেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চায়। দলের নেতার চিন্তাভাবনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।