নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উঠান বৈঠকে বিএনপি নেতা আল মুজাহিদ মল্লিক বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন করা হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বারদি ইউনিয়নের নুনেরটেক এলাকায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা প্রচার ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল মুজাহিদ মল্লিক অভিযোগ করেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে উন্নয়নের নামে লুটপাট করেছে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের শাসনে দেশ ৩০ বছর পিছিয়ে গেছে। আর বিএনপি ক্ষমতায় থাকলে বাংলাদেশ আজ মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাতারে থাকত।
তিনি আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এখানে মনোনয়নের প্রতিযোগিতা থাকবে। তবে যাকে দল মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে নারায়ণগঞ্জ-৩ আসন জয় করা সম্ভব হবে।
বিএনপি নেতা হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন বারদি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জিলানী, শম্ভুপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বিএনপি নেতা হারুন অর রশিদ, মনির হোসেন, যুবদল নেতা রওশন আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন এবং সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আব্দুর রহিম।
আলোচনা সভা শেষে ওই এলাকায় রাষ্ট্র কাঠামোর ৩১ দফার প্রচারপত্র বিতরণ করা হয়।