কাগজের শপিং ব্যাগের জন্য গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করতে ফ্যাশন ব্র্যান্ড আড়ংকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে এবং ১০ দিনের মধ্যে কাগজের ব্যাগের জন্য মূল্য নেওয়া বন্ধ না করলে আড়ংয়ের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে এই নোটিশ পাঠান।
নোটিশে তিনি জানান, “আগে আড়ং থেকে কেনাকাটা করলে বিনা মূল্যে কাগজের ব্যাগ দেওয়া হতো। কিন্তু সম্প্রতি মগবাজার আউটলেটে কেনাকাটার সময় তাকে জানানো হয়, এখন থেকে সেই ব্যাগ কিনতে হবে। কাউন্টারে একটি লিফলেটে লেখা ছিল “আপনার প্রিয় আড়ং ব্যাগ এখন আরও অর্থবহ” এবং বলা হয়, ব্যাগ বিক্রির অর্থ গাছ লাগানোর প্রকল্পে ব্যবহার করা হবে।”
অ্যাডভোকেট নিশাত ফারজানার অভিযোগ করে লিখেন, “এসব কাগজের ব্যাগের মান খারাপ ও টেকসই নয়। শুধু আড়ংয়ের লোগো লাগিয়ে এমন ব্যাগের জন্য টাকা নেওয়া গ্রাহকদের সঙ্গে প্রতারণা। তিনি জানান, নতুন চালু করা কাপড়ের ব্যাগের দামও অনেক বেশি এবং আকার ছোট হওয়ায় একাধিক পণ্য কিনলে একাধিক ব্যাগ কিনতে হয়।”