আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাভারের আমিনবাজারে কড়াকড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ। নাশকতা রোধে ঢাকামুখি প্রতিটি যানবাহনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় সাভার মডেল থানার পুলিশ এই চেকপোস্ট বসায়। এসময় প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের যাত্রীদের ব্যাগ ও পরিচয়পত্র পরীক্ষা করা হয়।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে বিকেল পর্যন্ত অন্যান্য দিনের তুলনায় দূরপাল্লার বাস চলাচল কম হলেও লোকাল বাস ও ব্যক্তিগত যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। দুপুরের পর থেকে ঢাকামুখি লেনে কড়াকড়ি তল্লাশি শুরু করে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “আগামীকালের লকডাউনকে সামনে রেখে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে আমিনবাজারে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয় যাচাই করা হচ্ছে।”
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। জনগণের নিরাপত্তার স্বার্থে এই তল্লাশি অভিযান নিয়মিতভাবে চলবে।