ঢাকা কলেজের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর ঢাকা কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকালে আন্দোলন শুরুর পর থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে নিউমার্কেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

সকাল থেকেই শিক্ষার্থীরা মিরপুর সড়কে জড়ো হয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন এর চূড়ান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আন্দোলনে নামেন। পরে ঢাকা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আজিমপুর মোড় ঘুরে এসে কলেজের সামনের সড়ক পুরোপুরি অবরোধ করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনার পরও এখনো কোনো বাস্তব অগ্রগতি নেই। প্রায় দেড় লাখ শিক্ষার্থী অনিশ্চয়তায় পড়েছে বলে দাবি করেন তারা। শিক্ষার্থীদের ঘোষণা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *