বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফুসফুস ও হৃদ্যন্ত্রে সংক্রমণ নিয়ে রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। আগামী ১২ ঘণ্টা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
তিনি জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে এবং হৃদ্যন্ত্রের আগের জটিলতার সঙ্গে তা ছড়িয়ে পড়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ভর্তি হওয়ার পর তাঁর কয়েকটি পরীক্ষা করা হয়েছে, আরও কিছু পরীক্ষা পরবর্তী সময়ে হবে। কিছু পরীক্ষার ফল ২৪ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে।
চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার বর্তমান অবস্থা নিয়ে অতিরিক্ত উদ্বেগের কিছু নেই।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবরও স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদ্রোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন।
চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ১৭ দিন চিকিৎসা নেওয়ার পর ২৫ জানুয়ারি তারেক রহমানের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকেন। লন্ডনে চিকিৎসা শেষে তিনি ৬ মে দেশে ফেরেন এবং এরপর থেকেই বাসায় এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।