যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই এশিয়া সফরে আসছেন। মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া তিন দেশে সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্ভাব্য বৈঠককে ঘিরেই এখন বিশ্বজুড়ে আলোচনা। শুল্ক ও ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই বৈঠকের ফলাফল বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
হোয়াইট হাউস সফরের বিস্তারিত না জানালেও ধারণা করা হচ্ছে, ট্রাম্প ২৬-২৮ অক্টোবর মালয়েশিয়ায় আয়োজিত আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সেখানে মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি ও থাইল্যান্ড–কম্বোডিয়া শান্তি আলোচনার মধ্যস্থতা করতে পারেন তিনি।
এরপর ট্রাম্প যাবেন জাপানে, যেখানে সদ্য দায়িত্ব নেওয়া দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী সানাই তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষ গন্তব্য দক্ষিণ কোরিয়া, যেখানে ২৯ অক্টোবর এপেক শীর্ষ সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
দুই নেতার এই বৈঠক ওয়াশিংটন-বেইজিং বাণিজ্য যুদ্ধে নতুন মোড় আনতে পারে বলে বিশ্লেষকদের মত। তবে বিরল খনিজ রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পের অসন্তোষ এখনও অব্যাহত। তবুও তিনি আশা প্রকাশ করেছেন, “সবকিছুর বিষয়ে শি’র সঙ্গে একটি ভালো চুক্তি হবে।”
সফরে উত্তর কোরিয়া ইস্যুও আলোচনায় আসবে। ট্রাম্প জানিয়েছেন, কিম জং উনের সঙ্গে দেখা করার ইচ্ছা থাকলেও এবারের সফরে নতুন বৈঠক নাও হতে পারে।