ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের লোরালাই ও আশপাশের এলাকা। শনিবার ভোরে অনুভূত এ কম্পনে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, কম্পন ছিল স্বল্পস্থায়ী এবং দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪। কেন্দ্রস্থল ছিল লোরালাইয়ের দক্ষিণ-পূর্বে প্রায় ২৩ কিলোমিটার দূরে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার সিবি এলাকায় ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। চলতি মাসের শুরুতেও জিয়ারাতসহ কিছু এলাকায় ৫ মাত্রার কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। তবে কোনো ক্ষেত্রেই বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
২০০৮ সালে জিয়ারাতে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটানো ভূমিকম্পে দুই শতাধিক মানুষের মৃত্যু এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়। ভূমিকম্পপ্রবণ অঞ্চলের পাশে অবস্থান করায় বেলুচিস্তান প্রদেশে এমন ঝুঁকি দীর্ঘদিন ধরেই বিরাজ করছে।