মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। স্থগিত করা হয়েছে প্রধান উপদেষ্টার পূর্বনির্ধারিত কর্মসূচিও।
রাষ্ট্রীয় শোক উপলক্ষে মঙ্গলবার (২২ জুলাই) সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এর পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নিহত ও আহতদের জন্য সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
প্রধান উপদেষ্টার আজকের জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এ ছাড়া তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠান।
এ ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দল ও সংগঠনের শীর্ষ নেতারা পৃথক শোক বার্তা দিয়েছেন।
এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মর্মান্তিক এই দুর্ঘটনায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
সরকারের প্রধান উপদেষ্টা তার শোক বার্তায় বলেন, বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি গভীর বেদনার ক্ষণ। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিচ্ছি। সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলেও শোক বার্তায় প্রধান উপদেষ্টা জানিয়েছেন।
হতাহতের ঘটনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এ ছাড়া প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বার্ন ইউনিটে চিকিৎসারত আহতদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য নির্দেশ দিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহত এবং আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, তাদের আশু সুস্থতা কামনা করেন। এ ছাড়া হাসপাতালে আহতদের সার্বিক খোঁজখবর নিচ্ছেন তারা।
তারেক রহমান আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা মর্মাহত। আমরা চাই যে, কোনো শিক্ষার্থীকে যেন এ ধরনের আতঙ্কের মুখোমুখি হতে না হয়। আমার আন্তরিক প্রার্থনা শোকসন্তপ্ত তরুণদের আত্মার সঙ্গে রয়েছে এবং আমি বিএনপির নেতা, কর্মী ও পেশাদারদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।