সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হওয়া রহস্যের অবসান ঘটিয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। হিন্দুস্তান টাইমস জানায়, শুক্রবার (৩ অক্টোবর) প্রকাশিত ময়নাতদন্ত প্রতিবেদনে অনুযায়ী, স্কুবা ডাইভিং নয়, বরং সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা যান এই জনপ্রিয় শিল্পী।
রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট হলেও পুলিশি তদন্ত এখনো চলমান। সিঙ্গাপুর কর্তৃপক্ষ ভক্ত ও অনুসারীদের অনুরোধ করেছে— জুবিনের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত কোনো ভিডিও বা ছবি যেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো না হয়। তদন্তের শুরু থেকেই নাশকতার সম্ভাবনা নাকচ করেছিল সিঙ্গাপুর সরকার।
এদিকে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। সর্বশেষ বুধবার সংগীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী ও গায়িকা অমৃত প্রভা মহন্তকে আটক করা হয়। এর আগে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসব আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করা হয়েছিল।
অন্যদিকে, আসাম পুলিশও সমান্তরালভাবে তদন্ত চালাচ্ছে। তারা এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে।
জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে এখনো শোকাহত তার অসংখ্য ভক্ত ও অনুরাগী। শিল্পীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে।